NAATI CCL Bangla টিপস ও নোট টেকিং

সর্বোচ্চ 35 শব্দের একটা সেগমেন্ট শোনার পর হাতে থাকে শুধু আপনার নোট আর স্মৃতি। এই পাতায় NAATI CCL Bangla-র জন্য নোট টেকিংয়ের পদ্ধতি, বাংলা-ইংরেজি জোড়ার নির্দিষ্ট ফাঁদগুলো, আর চার থেকে ছয় সপ্তাহের একটা বাস্তব প্র্যাকটিস প্ল্যান।

সর্বশেষ আপডেট:

এই পাতার সূচি
  1. সংখ্যা আর না-বোধক অংশ কেন বাদ পড়ে
  2. নোট টেকিংয়ের মূল নিয়ম
  3. নোট টেকিংয়ের নমুনা (হাউজিং ডায়ালগ)
  4. NAATI-র ভাষা-নীতি (চলিত বাংলা, আঞ্চলিক পার্থক্য, ইংরেজি শব্দ)
  5. বাংলা থেকে ইংরেজিতে কমন ভুল
  6. আটকে গেলে কী করবেন
  7. চার থেকে ছয় সপ্তাহের প্র্যাকটিস প্ল্যান
  8. YouTube-এর ফ্রি প্র্যাকটিস ভিডিও যেভাবে ব্যবহার করবেন
  9. পরীক্ষার দিনের প্রস্তুতি (ডিভাইস ও ঘর)
  10. প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

সংখ্যা আর না-বোধক অংশ কেন বাদ পড়ে

GP-র চেম্বারের একটা সেগমেন্টে ডাক্তার পরপর বলে দেন কোন ওষুধ, কত দিন, কী কী খাওয়া বাড়াতে হবে, আর কবে আবার পরীক্ষা। শোনার সময় সবটাই পরিষ্কার লাগে। বলতে গিয়ে দেখা যায় ওষুধটা আছে, দিনসংখ্যাটা নেই।

বাংলা যাঁদের ঘরের ভাষা, তাঁরা প্রস্তুতির সময়টা কমিয়ে ধরেন, কারণ বোঝা নিয়ে তাঁদের ভয় নেই। ভয়ের কারণও নেই। আটকায় পরের ধাপে: এক চেষ্টায়, বারবার শুধরে নেওয়ার সুযোগ ছাড়া, পাঁচ-ছয়টা তথ্য গুছিয়ে অন্য ভাষায় বলে দেওয়ার সময়।

প্রতিটি ডায়ালগ 45 নম্বরের, পাস করতে মোট 63 আর প্রতিটি ডায়ালগে অন্তত 29। মার্কিং কর্তনমূলক, অর্থাৎ প্রতিটি বাদ পড়া তারিখ আর প্রতিটি উল্টে যাওয়া “না” আলাদা করে জমতে থাকে। নোট নেওয়ার আসল কাজ তাই নম্বর বাঁচানো।

নোট টেকিংয়ের মূল নিয়ম

নোট মানে ডিকটেশন নয়। কে কার সঙ্গে কী নিয়ে কথা বলছে, সেটুকু মাথা এমনিতেই ধরে রাখে। কাগজে যায় ঠিক সেই জিনিসগুলো, যেগুলো ভুলে গেলে আর বানিয়ে নেওয়া যায় না।

  • সংখ্যা আর একক অঙ্কে, পাশে সেটা কীসের সংখ্যা: 2 wk, 72 km/h, 60 zone। 72 আর 60 জায়গা বদল করলে গোটা ঘটনাটাই বদলে যায়। লাখ বা কোটি শুনলে নোটেই অঙ্কে ফেলে রাখুন (আড়াই লাখ = 250,000), নইলে বলার সময় হিসাব করতে বসতে হবে।
  • না-বোধক অংশে একটা চিহ্ন: ✗ rental history, ✗ evidence। একটা “না” হারালে অর্থ ঠিক উল্টো হয়ে যায়।
  • তালিকা উল্লম্বভাবে, প্রতিটি আইটেম নিজের লাইনে। তিনটি কাগজের কথা হলে পরীক্ষক তিনটিই খোঁজেন; “কিছু কাগজপত্র” বললে একটিরও নম্বর নেই।
  • নাম আর প্রতিষ্ঠান যেভাবে শুনেছেন সেভাবে: Centrelink, Medicare, Canterbury Rd। এগুলো আন্দাজে বানানো যায় না।
  • শর্ত তীর দিয়ে: if ✗ history → character ref। শর্তটা মুছে গেলে বিকল্পটা নিয়ম হয়ে দাঁড়ায়।
  • সংক্ষেপ নিজের মতো, কিন্তু স্থির। “mth” লিখুন, “mo” নয়; ফিরে পড়ার সময় “more” না “morning” ভাবার সময় থাকে না।

নোট বাংলায় নেবেন, না ইংরেজিতে? উত্তর একটাই: যেটায় হাত দ্রুত চলে। বাংলা লিপিতে কার আর যুক্তাক্ষর লিখতে সময় লাগে, তাই অনেকে বাংলা সেগমেন্টের নোটও ইংরেজি সংক্ষেপে লেখেন, কেউ দুই লিপি মিশিয়ে ফেলেন। দুটোই চলে। নোটে কোনো নম্বর নেই; মার্কিং হয় শুধু আপনার রেকর্ড করা কথার ওপর।

উল্টো বিপদ বেশি লেখা। পুরো বাক্য তুলতে গেলে হাত পিছিয়ে পড়ে, আর হাত পিছিয়ে পড়লে কান কাজ বন্ধ করে দেয়। এক সেগমেন্টে আট-দশটার বেশি ছোট লাইন দরকার হওয়ার কথা নয়।

নোট টেকিংয়ের নমুনা (হাউজিং ডায়ালগ)

নিচের সেগমেন্টটা একজন রিয়েল এস্টেট এজেন্ট আর সদ্য অস্ট্রেলিয়ায় আসা একজন ভাড়াটের কথা থেকে নেওয়া। 35 শব্দের কম জায়গায় আছে তিনটি কাগজের একটা তালিকা আর একটা শর্ত, ঠিক যে দুটো জিনিস স্মৃতির ভরসায় রাখলে হারায়। নোটের পাশে কেন ঠিক ওটুকুই লেখা হলো, সেটাও দেওয়া আছে।

বাড়ি ভাড়ার আবেদন নিয়ে রিয়েল এস্টেট এজেন্ট আর সদ্য অস্ট্রেলিয়ায় আসা এক ভাড়াটের ডায়ালগের তৃতীয় সেগমেন্ট, ইংরেজি থেকে বাংলায়। এজেন্ট পরপর তিনটি কাগজের নাম বলেন, তারপর একটা শর্ত জুড়ে দেন। “যা শুনলেন” পড়ে আগে নিজে ঠিক করুন কী লিখতেন, তারপর নোটের নমুনাটা দেখুন।

যা শুনলেন

Real Estate Agent (EN)For the application you'll need identification, proof of income such as a bank statement, and previous rental history. If you don't have rental history, a character reference will do.

নোটের নমুনা
need:
 - ID
 - proof inc (eg bank stmt)
 - rental hist
if ✗ hist → char ref
কেন এভাবে লেখা

প্রথম লাইনের “need:” বলে দেয় এজেন্ট এখন লাগবে-এমন জিনিসের তালিকা দিচ্ছেন, আর কোলনের নিচে আইটেম আসছে। তিনটি কাগজ তিন লাইনে: “ID” মানে identification; “proof inc” মানে proof of income, আর বন্ধনীর “eg bank stmt” মানে e.g. bank statement, বন্ধনীতে কারণ ওটা শুধু উদাহরণ; “rental hist” মানে rental history। শেষ লাইনে শর্ত: “if ✗ hist → char ref”, অর্থাৎ যদি (if) rental history না থাকে (✗), তাহলে (→) character reference চলবে। “if” আর ✗ দুটোই লাগে, নইলে reference চতুর্থ একটা কাগজ হয়ে যায়।

কাগজে গেল পাঁচটা ছোট লাইন, একটাও পুরো বাক্য নয়। তিনটি কাগজের নাম তিনটি আলাদা লাইনে, যাতে বলার সময় গুনে নেওয়া যায়; “eg bank stmt” আছে উদাহরণ হিসেবেই, কারণ এজেন্ট বলেননি ওটাই লাগবে। শেষ লাইনে শর্তটা ✗ আর তীর দিয়ে বাঁধা। ওই “if” মুছে গেলে character reference চতুর্থ একটা কাগজ হয়ে দাঁড়ায়, আর সেটা distortion (অর্থবিকৃতি)।

নোট টেকিং গাইড (PDF) আর বাংলা ওয়ার্কবুক

ফ্রি অ্যাকাউন্ট খুললে নোটের সংক্ষেপ আর চিহ্নের তালিকাসহ নোট টেকিং গাইডটা PDF হিসেবে পাবেন। সঙ্গে অ্যাপের ভেতরেই বাংলা ওয়ার্কবুক: স্বাস্থ্য, আইন, হাউজিংসহ 10টি ডায়ালগের প্রতিটি সেগমেন্টের নমুনা নোট, বাংলায় ব্যাখ্যাসহ।

ফ্রি অ্যাকাউন্ট খুলে PDF নিন

NAATI-র ভাষা-নীতি (চলিত বাংলা, আঞ্চলিক পার্থক্য, ইংরেজি শব্দ)

NAATI, অর্থাৎ National Accreditation Authority for Translators and Interpreters, CCL-এর জন্য ভাষাভিত্তিক একটা নীতি প্রকাশ করে রেখেছে, আর বাংলার আলাদা এন্ট্রি সেখানে আছে। এন্ট্রিতে সরাসরি লেখা: পরীক্ষায় ব্যবহৃত হয় চলিত বাংলা, সমকালীন কথ্য বাংলার ওপর দাঁড়ানো আধুনিক প্রমিত রূপ। পুরোটা আছে NAATI-র CCL ভাষা-নীতির পাতায়।

নীতিটা প্রস্তুতিতে একটা কাজের সীমারেখা এঁকে দেয়। চাপে পড়লে অনেকের মুখ বইয়ের ভাষার দিকে হেলে যায়: “করিতে হইবে”, “চিকিৎসালয়”, “অর্থপ্রদান”। অর্থ ঠিক থাকলেও ওই টান সময় খায়। যে ভাষায় আপনি Centrelink-এর ফোনে কথা বলতেন, প্র্যাকটিস সেই ভাষায় করুন। সম্বোধনের স্তরটাও এর সঙ্গে জোড়া: ডাক্তার, অফিসার বা এজেন্টের কথায় ডিফল্ট “আপনি”, তৃতীয় ব্যক্তির জন্য “তিনি”, আর সেটা শেষ সেগমেন্ট পর্যন্ত এক রাখা। NAATI বক্তার সম্বোধনের স্তর মিলিয়ে বলার কথা আলাদা করে বলে, আর স্তরের গরমিলে quality of language (ভাষার মান)-এর ঘরে নম্বর কাটে।

আঞ্চলিক পার্থক্য নিয়ে একই নীতিতে বলা আছে, পরীক্ষক প্যানেল আঞ্চলিক তারতম্য সম্পর্কে ওয়াকিবহাল এবং মার্কিংয়ের সময় সেটার ছাড় দেন। পানি না জল, গোসল না স্নান, চাচা না কাকা, এই নিয়ে দুশ্চিন্তার দরকার নেই। শর্তটা উল্টো দিকেও আছে: পরীক্ষার্থীকে ভাষার আঞ্চলিক তারতম্য বুঝতে পারতে হবে, অর্থাৎ অডিওতে কলকাতার ধাঁচের বাংলা এলে সেটাও ধরতে হবে। আর একটা ডায়ালগের ভেতরে নিজের ধারাটা এক রাখুন।

ইংরেজি শব্দ নিয়েও নীতিটা পরিষ্কার। বাংলাভাষীরা যে ইংরেজি শব্দগুলো নিয়মিত ও সাধারণভাবে ব্যবহার করেন, সেগুলোর জন্য নম্বর কাটা হয় না। আবার NAATI-র নিজের FAQ-তে কমন ভুলের তালিকায় আছে লক্ষ্যভাষায় অতিরিক্ত ইংরেজি। দুটো মিলিয়ে কাজের নিয়ম দাঁড়ায় একটাই: প্রতিষ্ঠানের নাম আর যেসব অস্ট্রেলীয় জিনিসের চালু বাংলা নেই সেগুলো ইংরেজিতেই থাক (Centrelink, Medicare, bond, superannuation), কিন্তু “eligibility”, “penalty”, “tenant” ঘরের বাংলায় বলুন। ঋণশব্দের পাশে ব্যাখ্যা জুড়বেন না, ওটা addition (বাড়তি যোগ) হিসেবে ধরা পড়ে।

সিলেটি বা চাটগাঁইয়া ক্রিয়ারূপ আলাদা প্রসঙ্গ। অ্যাকসেন্টে নম্বর কাটে না, আর উপভাষার জন্য শাস্তির কথা নীতিতে কোথাও লেখা নেই। তবু “অইছে” বা “খাইরাম” ধরনের ঘরোয়া রূপ এন্ট্রিতে চাওয়া চলিত প্রমিত বাংলা নয়, আর NAATI-র quality of language (ভাষার মান) মানদণ্ডে ভাষার স্বাভাবিক ব্যবহার আর পরিস্থিতির সঙ্গে মানানসই স্তরও দেখা হয়। রেকর্ড করে নিজের কণ্ঠ শুনলে কোথায় ঘরোয়া রূপ ঢুকে পড়ে, এক সপ্তাহেই ধরা পড়ে।

বাংলা থেকে ইংরেজিতে কমন ভুল

পরীক্ষার অর্ধেকটা এই দিকে, আর অনেকের প্র্যাকটিস এই দিকটাতেই কম হয়। বাংলা বাক্য যা গোপন রাখে, ইংরেজি বাক্য তা বলিয়ে ছাড়ে।

  • বাংলা সর্বনাম লিঙ্গ বলে না। “সে” বা “তিনি” শুনে ইংরেজিতে he না she, সেটা বেছে নিতে হয় নাম বা প্রসঙ্গ থেকে। কিছুতেই বোঝা না গেলে “they” চালিয়ে যান।
  • কর্তা উহ্য থাকে। “গত সপ্তাহে গিয়েছিলাম, কিন্তু কাগজ নেয়নি” বলতে গিয়ে ইংরেজিতে দুটো আলাদা কর্তা বসাতে হয়, I আর they। ভুল কর্তা বসালে দোষটা অন্যের ঘাড়ে চলে যায়।
  • কালের হিসাব। ফর্ম জমা “দিয়েছি” না “দিয়েছিলাম”, তার ওপর Centrelink-এর পরের প্রশ্নটাই বদলে যায়।
  • আত্মীয়তার শব্দ। দুলাভাই, ভাসুর, খালু, চাচাতো ভাই: ইংরেজিতে brother-in-law বা cousin যথেষ্ট। কে কার দিকের আত্মীয় বুঝিয়ে বলতে গেলেই addition (বাড়তি যোগ)।
  • ভদ্রতার শব্দ আর বাগধারা। “একটু দেখবেন?” মানে “could you have a look?”, আর “rule out” মানে বাদ দেওয়া। আক্ষরিক অনুবাদ NAATI-র কমন ভুলের তালিকাতেই আছে।

উল্টো দিকে সবচেয়ে বেশি সময় খায় লম্বা শর্তবাক্য, কারণ বাংলায় ক্রিয়া বসে একদম শেষে। “If you don’t report the change in your income within fourteen days, Centrelink may raise a debt” শুনে পুরোটা মাথায় ধরে রেখে উল্টো দিক থেকে সাজাতে হয়। সহজ পথ দুই টুকরো করে বলা: “যদি চৌদ্দ দিনের মধ্যে আয়ের পরিবর্তনটা না জানান, তাহলে Centrelink পরে ওই টাকা ফেরত চাইতে পারে।”

আটকে গেলে কী করবেন

সেগমেন্টের মাঝখানে মাথা ফাঁকা হয়ে যাওয়া স্বাভাবিক, বিশেষ করে দ্বিতীয় ডায়ালগের শেষ দিকে যখন মনোযোগ ক্লান্ত। তখনকার সিদ্ধান্তটা ভেবে নেওয়ার মতো অবস্থা থাকে না, তাই অভ্যাসটা আগে থেকে ঠিক করে রাখুন।

  • যেটুকু ধরেছেন, সেটুকু নিয়ে সেগমেন্টের শেষ পর্যন্ত বলে যান। শুরু থেকে আবার শুরু করলে বাদ পড়া অংশ ফিরে আসে না, শুধু সময় যায়।
  • নিজের বলা কথা বারবার শুধরাবেন না। অতিরিক্ত থেমে যাওয়া আর নিজের কথা শুধরানো quality of delivery (বলার ধরন)-এর ঘরে নম্বর কাটায়। repeat-ও হিসাব করে নিন: এক ডায়ালগে একটিমাত্র সেগমেন্ট নম্বর না কেটে আবার শোনা যায়, তাই সেটা কোনো সংখ্যা বা নাম ফসকে গেলে ব্যবহারের জন্য রেখে দিন।
  • শব্দ মনে না এলে ঘুরিয়ে বলুন। “বন্ধকি ঋণ” মনে না এলে “বাড়ির জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণ” চুপ করে থাকার চেয়ে ভালো।
  • ফাঁক ভরাট করতে ব্যাখ্যা জুড়বেন না। মূলে যা ছিল না তা যোগ করলেও নম্বর কাটে।

স্মৃতির জোর বাড়ানোর কাজটা প্র্যাকটিসের ভেতরেই আছে। রোজ একটা সেগমেন্ট নোট ছাড়া শুনে বলুন, তারপর নোট নিয়ে সেটাই আবার। পার্থক্যটা দেখলেই বোঝা যায় নোট আসলে কতটুকু বইছে।

চার থেকে ছয় সপ্তাহের প্র্যাকটিস প্ল্যান

কত দিন লাগবে তার নির্দিষ্ট সংখ্যা নেই, নির্ভর করে দুই ভাষায় আপনার শুরুর অবস্থার ওপর। নিচের ছকটা ধরে রেখেছে যে হাতে সপ্তাহে পাঁচ দিন, দিনে এক ঘণ্টা আছে। শনিবারে চার ঘণ্টা একসঙ্গে বসার চেয়ে রোজ এক ঘণ্টা অনেক বেশি কাজে দেয়।

  1. প্রথম সপ্তাহ: নোট নিয়ে একটা পূর্ণ মক টেস্ট দিয়ে শুরুর অবস্থাটা মেপে নিন। কোন তথ্যগুলো বাদ পড়ল আর সেগুলো কোন ধরনের ছিল, সংখ্যা না না-বোধক না তালিকা, লিখে রাখুন।
  2. দ্বিতীয় সপ্তাহ: শুধু নোট নেওয়ার ড্রিল। সেগমেন্ট শুনুন, নোট নিন, নোট দেখে বলুন। গতি নিয়ে এখন ভাববেন না।
  3. তৃতীয় সপ্তাহ: দুর্বল বিষয়টা ধরুন। বেশির ভাগের কাছে সেটা আইন, বীমা বা ফাইন্যান্স, কারণ ওই শব্দগুলো ঘরে ব্যবহার হয় না। আগে ভোকাবুলারি, তারপর ডায়ালগ।
  4. চতুর্থ সপ্তাহ: দুই দিকের ভারসাম্য। প্রতি সেশনে সমান সংখ্যক ইংরেজি থেকে বাংলা আর বাংলা থেকে ইংরেজি সেগমেন্ট রাখুন।
  5. পঞ্চম সপ্তাহ: পূর্ণ দৈর্ঘ্যের সেশন, দুটো ডায়ালগ পরপর, মাঝে বিরতি ছাড়া। শেষ সেগমেন্টগুলোয় মনোযোগ কতটা টেকে, এখানেই বোঝা যায়।
  6. শেষ সপ্তাহ: নতুন কিছু নয়। যেখানে ভুল রয়ে গেছে সেগুলো ঘুরিয়ে করুন, আর অন্তত একবার পরীক্ষার দিনের সেটআপে বসে পুরো সেশনটা করুন।

মাপকাঠিটা এক সেশনের স্কোর নয়, ধারাবাহিকতা। পরপর কয়েকটা সেশনে যখন আর কোনো সংখ্যা, না-বোধক অংশ বা তালিকার আইটেম বাদ পড়ে না, তখন বোঝা যায় ভিতটা দাঁড়িয়েছে। প্র্যাকটিসের কোনো স্কোরই অবশ্য NAATI-র মার্কিং নয়।

প্ল্যানের প্রথম ধাপটা আজই সেরে ফেলতে পারেন। ফ্রি অ্যাকাউন্টে একটি পূর্ণ মক টেস্ট আছে, আর প্রতিটি সেগমেন্টে কী বাদ পড়ল সেটা লিখিতভাবে পাবেন।

ফ্রি মক টেস্ট দিন

YouTube-এর ফ্রি প্র্যাকটিস ভিডিও যেভাবে ব্যবহার করবেন

বাংলা ডায়ালগের ভিডিওগুলোয় একটা গোটা ডায়ালগ চলে, আর প্রতিটি সেগমেন্টের পরে কাউন্টডাউন, অর্থাৎ ভিডিও না থামিয়েই জোরে জোরে বলে ফেলতে হয়। শুধু দেখে গেলে ওই চাপটা তৈরি হয় না। একই ভিডিও তিনবার চালান: প্রথমবার নোট ছাড়া, দ্বিতীয়বার নোট নিয়ে, তৃতীয়বার রেকর্ড করে নিজের কণ্ঠ শুনে।

রেকর্ডিং মেলানোর সময় শুধু তথ্যগুলো গুনুন: সংখ্যা, না-বোধক অংশ, তালিকার আইটেম। ভাষার কৌশল ও ভোকাবুলারি নিয়ে একটি ইংরেজি প্লেলিস্টও আছে।

পরীক্ষার দিনের প্রস্তুতি (ডিভাইস ও ঘর)

NAATI CCL এখন অনলাইনেই হয়, রিমোট প্রক্টরিংয়ে। ঘরটা, ল্যাপটপটা আর ইন্টারনেটটা আপনার দায়িত্ব, আর এগুলোর কোনো একটা গোলমাল করলে ভাষার প্রস্তুতিটুকুও কাজে লাগে না।

  • ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকারসহ একটা ল্যাপটপ বা কম্পিউটার। হেডসেট চলবে না, তাই অডিও ঘরের ভেতরেই বাজবে।
  • দ্বিতীয় ক্যামেরা হিসেবে একটা ফোন বা ট্যাব, পাশ থেকে টেবিল দেখা যায় এমনভাবে বসানো।
  • ইন্টারনেট অন্তত 10 Mbps ডাউনলোড আর 1.5 Mbps আপলোড।
  • শান্ত ঘর, দরজা বন্ধ। বাড়ির লোককে সময়টা আগে বলে রাখুন, আর ফোনের নোটিফিকেশন বন্ধ করুন।
  • টেবিলে কলম, খালি কাগজ, পরিচয়পত্র আর এক গ্লাস পানি (জল) ছাড়া কিছু নয়; ভোকাবুলারির প্রিন্ট বা আগের নোট তো নয়ই।

স্পিকারে শোনার ব্যাপারটা আগে থেকে অভ্যাস করে নিন। হেডফোনে প্রতিটি শব্দ কানের ভেতরে বসে যায়, স্পিকারে ঘরের শব্দ মিশে যায়। শেষ সপ্তাহে অন্তত একটা সেশন ওই ঘরে, ওই ল্যাপটপে করে ফেলুন।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

NAATI CCL Bangla-য় নোট টেকিং কীভাবে করব?

যে তথ্যগুলো মাথা ধরে রাখতে পারে না, শুধু সেগুলো লিখুন: সংখ্যা ও একক, না-বোধক অংশ, তালিকার আইটেম, নাম আর শর্ত। পুরো বাক্য লিখতে গেলে হাত পিছিয়ে পড়ে আর শোনাটা অর্ধেক হয়ে যায়। প্রতিটি আইটেম আলাদা লাইনে রাখুন, কারণ ফিরে পড়ার সময় গুনে নিতে হয়।

নোট বাংলায় নেব, না ইংরেজিতে?

যেটায় আপনার হাত দ্রুত চলে, সেটাতেই, আর দুটো মিশিয়ে লিখলেও অসুবিধা নেই। বাংলা লিপিতে কার ও যুক্তাক্ষর লিখতে সময় লাগে বলে অনেকে বাংলা সেগমেন্টের নোটও ইংরেজি সংক্ষেপে লেখেন। নাম, সংখ্যা আর প্রতিষ্ঠান যেভাবে শুনেছেন সেভাবে লিখলে ফেরার সময় দ্বিধা কম হয়।

NAATI CCL-এ কি কাগজে নোট নেওয়া যায়?

NAATI-র CCL candidate instructions অনুযায়ী কলম আর খোলা কাগজে নোট নেওয়া যায়, তবে আগে থেকে লেখা নোট নিয়ে বসা যায় না এবং টেবিলে অননুমোদিত জিনিস রাখা যায় না। সাইড ক্যামেরায় আপনার টেবিল দেখা যায়। পরীক্ষার আগে পাতাটা নিজে দেখে নিন, কারণ নিয়ম বদলাতে পারে।

চলিত বলব না সাধু? কলকাতার বাংলা বা সিলেটি বললে সমস্যা হবে?

চলিত বাংলা। NAATI-র প্রকাশিত CCL ভাষা-নীতিতে বাংলার এন্ট্রিতে বলা আছে, পরীক্ষায় ব্যবহৃত হয় চলিত বাংলা, অর্থাৎ সমকালীন কথ্য বাংলার ওপর দাঁড়ানো আধুনিক প্রমিত রূপ; একই পাতার সাধারণ নীতিতে আছে, পরীক্ষক প্যানেল আঞ্চলিক তারতম্যে ছাড় দেন, তাই ঢাকার বা কলকাতার প্রমিত বাংলা দুটোই চলে। সিলেটি বা চাটগাঁইয়া ক্রিয়ারূপ আলাদা ব্যাপার: ওগুলো এন্ট্রিতে চাওয়া চলিত প্রমিত রূপ নয়, তাই প্র্যাকটিসেই ছেঁটে ফেলা ভালো।

NAATI CCL Bangla-য় কোন ভুলগুলোয় নম্বর কাটে? অ্যাকসেন্টের জন্য কাটে কি?

অ্যাকসেন্টে নম্বর কাটে না। নম্বর কাটে তিনটি মানদণ্ডে: accuracy (নির্ভুলতা), quality of language (ভাষার মান) ও quality of delivery (বলার ধরন)। NAATI নিজের FAQ-তে কমন ভুল হিসেবে যেগুলোর নাম করে: omission (তথ্য বাদ পড়া) ও distortion (অর্থবিকৃতি), ব্যাকরণের ভুল, লক্ষ্যভাষায় অতিরিক্ত ইংরেজি, আক্ষরিক অনুবাদ, বারবার repeat, থেমে যাওয়া ও নিজের কথা শুধরানো, আর সময়ের মধ্যে শেষ করতে না পারা। মার্কিং কর্তনমূলক, তাই ছোট ছোট ভুল জমতে জমতে একটা ডায়ালগকে 29-এর নিচে নামিয়ে দিতে পারে।

সেগমেন্টের মাঝখানে আটকে গেলে কী করব?

থামবেন না, যেটুকু ধরেছেন সেটুকু নিয়ে সেগমেন্টের শেষ পর্যন্ত বলে যান। শুরু থেকে আবার বলা বা বারবার শুধরানো NAATI-র কমন ভুলের তালিকায় আছে, আর তাতে সময়ও চলে যায়। শব্দ মনে না এলে সাধারণ কথায় ঘুরিয়ে বলুন, তবে ব্যাখ্যা জুড়বেন না।

NAATI CCL-এর প্রস্তুতিতে কত দিন লাগে?

নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, কারণ এটা নির্ভর করে দুই ভাষায় আপনার শুরুর অবস্থার ওপর। একটা কাজের কাঠামো হলো চার থেকে ছয় সপ্তাহ, সপ্তাহে পাঁচ দিন, দিনে এক ঘণ্টা, আর প্রতিটি সেশনে দুই দিকেই সমান সেগমেন্ট। সপ্তাহে একবার দুটো পূর্ণ ডায়ালগ পরপর করুন, কারণ ক্লান্তি আসে দ্বিতীয়টায়।

NAATI CCL Bangla-র ফ্রি প্র্যাকটিস মেটেরিয়াল কোথায় পাব?

NAATI নিজেই বাংলার জন্য একটা ফ্রি প্র্যাকটিস মেটেরিয়ালের ফাইল দেয়, সেটা প্র্যাকটিস মেটেরিয়ালের পাতা থেকে ডাউনলোড করা যায়। এর বাইরে আমাদের YouTube চ্যানেলে বাংলা ডায়ালগের ভিডিও ফ্রি, প্রতিটি সেগমেন্টের পরে কাউন্টডাউনসহ। ফ্রি অ্যাকাউন্টে একটি পূর্ণ মক টেস্ট আর একটি সেশনও আছে।

কাগজ-কলম নিয়ে একটা ফ্রি মক টেস্ট দিন

ফ্রি অ্যাকাউন্টে একটি পূর্ণ মক টেস্ট আর একটি প্র্যাকটিস সেশন আছে। নোট নিন, রেকর্ড করুন, তারপর সেগমেন্ট ধরে ধরে দেখুন কোন তথ্যটা কাগজ পর্যন্ত পৌঁছাল না।

ফ্রি মক টেস্ট দিন

ক্রেডিট কার্ড লাগে না। ফ্রি অ্যাকাউন্টে AI স্কোরিংসহ একটি পূর্ণ মক টেস্ট আর একটি প্র্যাকটিস সেশন থাকে।